ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
ফাইল ছবি: চরচা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এই সংসদের সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা থেকে শুরু করে বেশির ভাগ সদস্য প্রথমবার নির্বাচিত।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় দেড় বছরের মাথায় ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়। কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগ এবার ভোট করতে পারেনি।

সংবিধান অনুযায়ী, কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক বসতে হয়। বিধি মোতাবেক ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। তবে এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে।

সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, অধিবেশনের প্রথম দিনই ১৩৩টি অধ্যাদেশ নিয়ম অনুযায়ী সংসদে উত্থাপন করা হবে। এসব অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে।

নিয়ম অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকের শুরুতে বিদায়ী স্পিকার বা তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন। প্রথা অনুযায়ী কোরআন তিলাওয়াতের মাধ্যমে বৈঠকের শুরু হয়। প্রথম বৈঠকের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়।

দ্বাদশ সংসদ ভেঙে দেওয়ার পর থেকে আত্মগোপনে আছেন বিদায়ী সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন তিনি।

স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি সংসদের অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন। আবার নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে একজন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সভাপতিত্ব করার জন্য দায়িত্ব পেতে পারেন।

চিফ হুইপ নুরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে বলেছেন, “আগামীকাল স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। শুরুতে একজন পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। এরপর সংসদ নেতা এই সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন। কোনো একজন সংসদ সদস্য তা সমর্থন করবেন। তারপর ওই সদস্য (যার নাম প্রস্তাব করা হবে) সভাপতিত্ব করবেন।”

এবার যিনি সংসদের প্রথম বৈঠক সভাপতিত্বের জন্য মনোনীত হবেন, তার সভাপতিত্বে সংসদের নতুন স্পিকার নির্বাচিত হবে।

নিয়ম অনুযায়ী সংসদের সরকারি দল থেকেই স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে থাকে। তবে এবার জুলাই সনদ ও বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব করেছে বিএনপি।

যদিও সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি স্পিকার পদে কাকে নির্বাচন করবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বুধবার সংসদীয় দল সংসদ নেতা তারেক রহমানকে দিয়েছে।

যা আছে প্রথম দিনের কার্যসূচিতে

সংসদ সচিবালয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের কার্যসূচি সংসদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখানে বলা আছে, অধিবেশনের শুরুতে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন, সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে। এরপর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন।

পরে সংসদ কাজে সরকারি কর্ম কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন’ সংসদে উপস্থাপন করবেন। এরপর সংসদীয় কমিটি গঠন করা হবে। কমিটি গঠনের পর ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সম্পর্কিত