জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেছেন, নির্বাচনে ছোটখাটো বিষয় এড়িয়ে গেলেও বড় ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে ৬০ ফিট সড়কে মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। এই কেন্দ্রটি ঢাকা–১৫ আসনের অধীন। এই আসনে জামায়াতের প্রার্থী তিনি।
জামায়াত আমির বলেন, “এই ভোটের মাধ্যমে আগামীতে সরকার গঠিত হোক। যে সরকার কোনো ব্যক্তি, পরিবার বা দলের হবে না।”
নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো আশঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নে র জবাবে সাংবাদিকদের ডা. শফিকুর বলেন, “ছোটখাটো কোনো বিষয় হলে ইগনোর করবো, বড় কোনো বিষয় হলে অবশ্যই ছাড় দেব না, আমাদের যা করার করবো।”
এই জামায়াত নেতা আরও বলেন, “ভোট সুষ্ঠু হলে রেজাল্ট আমরাও মানব, অন্যদেরও মানতে হবে।”
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সংসদ নির্বাচনের সঙ্গে এবার গণভোটও হচ্ছে। এই দুই ভোটে আগামী পাঁচ বছর কারা দেশ পরিচালনা করবে এবং দীর্ঘদিন ধরে সমালোচিত ব্যবস্থাগুলোর সংস্কারের বিষয়ে জনসমর্থন চাওয়া হবে।