ঈদুল আজহা সামনে রেখে দেশের প্রথম বাংলা কিউআরভিত্তিক পশু কেনার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এই উদ্যোগের ফলে ক্রেতারা এখন নগদ টাকা বহনের ঝুঁকি ছাড়াই সহজ ও নিরাপদে কোরবানির পশু কিনতে পারবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রাইম ব্যাংক জানায়, রাজধানীর ১০০ ফিট গরুর হাটের ইশান ক্যাটল ফার্ম, ময়মনসিংহ অ্যাগ্রো ফার্ম এবং রামপুরার নন্দিপাড়ার সামারাই ক্যাটল ফার্মে এই সেবা চালু করা হয়েছে।
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।
প্রাইম ব্যাংক জানিয়েছে, দেশে ডিজিটাল আর্থিক সেবার প্রসার এবং ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী পশুর হাট ও অ্যাগ্রো ফার্মে আধুনিক প্রযুক্তিনির্ভর পেমেন্ট ব্যবস্থা চালুর মাধ্যমে গ্রাহকদের জন্য নিরাপদ ও স্মার্ট কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় ব্যাংকটি।
সংশ্লিষ্টরা মনে করছেন, উৎসবকেন্দ্রিক কেনাকাটায় এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা দেশে স্মার্ট ব্যাংকিং সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করবে।