গত অক্টোবরের চেয়ে নভেম্বরে দেশে প্রতিমা ভাঙচুর বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তারা।
এমএসএফ বলছে, অক্টোবরে প্রতিমা ভাঙচুরের ঘটনা একটি থাকলেও নভেম্বরে এই সংখ্যা তীব্র বেড়ে ১১টিতে দাঁড়িয়েছে। এ সময় সংখ্যালঘুদের দুটি বাড়িতে আগুন দেওয়া বা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নভেম্বরে ডিবি হেফাজতে ২ ব্যক্তির মৃত্যু, পুলিশ দেখে আতঙ্কে আরও একজনের মৃত্যুসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মনোনয়ন নিয়ে রাজনৈতিক দলের মধ্যে সংঘাত, দলীয় সহিংসতা ও দুর্বৃত্তদের হামলায় হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে।
এসময় নারী ও শিশুদের ওপর ধর্ষণ, যৌন সহিংসতা, নির্যাতন ও আত্মহত্যার ঘটনাও বেড়েছে। সংখ্যালঘু মন্দিরে প্রতিমা ভাঙচুর, সীমান্তে হতাহতের ঘটনা, ভারতীয় কোস্টগার্ড ও আরাকান আর্মির হাতে জেলে আটক–সব মিলিয়ে সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
গণপিটুনি ও মব সহিংসতার ঘটনাও বেড়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়।
এমএসএফ সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার রক্ষা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, মতপ্রকাশের স্বাধীনতা, স্বচ্ছতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।