ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের শহীদদের রক্তের বদলা নেওয়া হবে।
ভাষণে তিনি মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার দাবি জানান। খামেনি বলেন, “এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি এখনই বন্ধ করতে হবে। অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে।”
খামেনি আরও বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং তাদের লক্ষ্যবস্তু কেবল মার্কিন সামরিক স্থাপনাগুলো।
মোজতবা খামেনি বলেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, সেগুলো মূলত মার্কিন সামরিক সম্পদের বিরুদ্ধেই পরিচালিত হয়েছে।
বর্তমান সংকট মোকাবিলায় তিনি বলেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। তিনি মনে করেন, এই পদক্ষেপ ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
ভাষণে ইরানের সামরিক বাহিনীর প্রশংসা করেন খামেনি। তিনি বলেন, দেশের সাহসী যোদ্ধারা কঠিন সময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।
এদিকে দেশের জনগণের জন্য কিছু জনকল্যাণমূলক ঘোষণাও দেন এই নেতা। তিনি জানান, সাম্প্রতিক সংঘাতে আহতদের সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।